রাবির ৩০ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:০৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুপস্থিত ৩০ শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্ততান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
এদিকে তালিকা হাতে পেয়ে নিখোঁজ ওই শিক্ষার্থীদের অনুসন্ধানে মাঠে নেমেছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি)।
 
জানা গেছে, নিখোঁজ তালিকাভুক্ত শিক্ষার্থীদের সকলেই ড্রপআউট এবং বিভিন্ন বর্ষের। নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ না নেয়ায় তাদের অনেকেই ইতোমধ্যে ড্রপআউট হয়েছেন বলে রাবির প্রশাসন সূত্রে জানা  গেছে।
 
রাবির সূত্র বলছে, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ না নিয়ে ড্রপআউট তাদের একটি তালিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চেয়েছিল পুলিশ।
 
এ ধরনের নির্দেশনার পর গত ১৩ জুলাই শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিভাগগুলোতে চিঠি দেয়া হয়। এছাড়া অনুপস্থিত এবং ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা করতে বিশ্ববিদ্যালয় একাডেমিক এবং পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, পুলিশ প্রশাসন আমাদের কাছে ড্রপআউট শিক্ষার্থীদের তালিকা  চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে তিনটি শিক্ষাবর্ষের (২০০৯-১০, ১০-১১ ও ১১-১২) শিক্ষাবর্ষের প্রায় ৩০ জন ড্রপআউট শিক্ষার্থীর তালিকা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
 
আরএমপি গোয়েন্দা শাখার একটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে তালিকা দেয়া হয়েছে সেগুলো যাচাই করে দেখা হচ্ছে। এ তালিকায় ড্রপআউট হওয়া ৩০শিক্ষার্থীর মধ্যে আরবি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর দীর্ঘদিন থেকে খোঁজ  নেই। বাকিদের অবস্থানের ব্যাপারেও পুলিশ নিশ্চিত হতে অনুসন্ধান চালাচ্ছে।
 
এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, ড্রপআউট শিক্ষর্থীদের ব্যাপারে ইতিমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। তাদের অবস্থান শনাক্তের জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। তবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এ কারণে তালিকায় যাদের নাম রয়েছে, তাদের ব্যাপারে আমরা গণমাধ্যমকর্মীদের পরিপূর্ণ তথ্য দিতে পারছি না।