তালেবানের এলাকায় পাক হেলিকপ্টারের জরুরি অবতরণ

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৭:৫১
আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান নিয়ন্ত্রিত লোগার এলাকায় পাকিস্তানের একটি সরকারি হেলিকপ্টার অল্পের জন্য বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় বিমানের সকল যাত্রী ও ক্রু তালেবান যোদ্ধাদের হাতে ধরা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শেষরাতের দিকে হেলিকপ্টারটি লোগার প্রদেশে নেমে পড়ে। লোগার আফগান-পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ। দুই বছর আগে ঐ এলাকায় পাকিস্তান সামরিক অভিযান চালায়। এসময় বহু তালেবান ও এর মিত্র যোদ্ধাদের আফগানিস্তানে ঢুকিয়ে দেওয়া হয়।
 
লোগারের গভর্নর সামিন সালেহ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হেলিকপ্টারটিকে গুলি করা হয়নি, তবে প্রযুক্তিগত সমস্যার কারণে এটি জরুরি অবতরণ করে। 
 
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পাকিস্তানি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া। তিনি বলেন, হেলিকপ্টারটি পাঞ্জাব প্রাদেশিক সরকারের। তবে বিমানের যাত্রীদের ভাগ্যে কী জুটেছে সেটি এখনো স্পষ্ট নয়। বিমানে মোট ৭ জন ছিলেন, এদের মধ্যে ৬ জন পাকিস্তানি এবং একজন রাশিয়ার নাগরিক। হেলিকপ্টারটি আফগান আকাশ ব্যবহার করে উজবেকিস্তান যাচ্ছিল। -আল জাজিরা