নতুন নাম ও চেহারায় ফিরছে অর্কুট

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ০৯:৪৩
নব্বইয়ের দশকে যাদের জন্ম, অর্কুট নামটার সঙ্গে তারা সবচেয়ে বেশি পরিচিত। তখনও ভোরের আলো দেখেনি ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ও মেসেজিং অ্যাপগুলো। নেট দুনিয়ায় ইয়াহু মেসেঞ্জার, রেডিফমেল’রা তখন রাজত্ব করছে। আর সেই সময় সোশ্যাল সাইট হিসেবে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল অর্কুট।
 
তাই এখনও অর্কুটের নাম শুনলে টেকপ্রেমীরা নস্টালজিক হয়ে পড়েন। শুরু হয়ে যায় ধুলো পড়া ‘স্ক্র্যাপবুক’-এর গল্প। তাদের জন্য দারুণ সুখবর, নতুন নামে ফিরছে সেই অর্কুট।
 
২০১৪ সালে গুগল যখন জানিয়ে দিল, অর্কুট চিরকালের মতো বন্ধ হয়ে যাচ্ছে, তখন ব্যবহারকারীরা বেশ অসহায় হয়ে পড়েছিলেন। অবশেষে ফেসবুকে নতুন করে সংসার পেতে পুরনো প্রেমকে মনের এক কোণেই গচ্ছিত রেখে দেন তারা। সেইসব ব্যবহারকারীদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এটাই সত্য, নতুন চেহারায় ও নতুন নামে অর্কুটের প্রত্যাবর্তন হতে চলেছে।
 
যে সে নয়, খবরের সত্যতা স্বীকার করেছেন স্বয়ং অর্কুট। কে এই অর্কুট? গুগলের কর্মী। তার নামেই অর্কুটের নামকরণ হয়েছিল। তিনিই জানিয়েছেন, অর্কুট ডটকমের ধাঁচে তিনি তৈরি করেছেন নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক, যার নাম হ্যালো ডটকম। আপাতত এটি একটি মোবাইল অ্যাপ হিসেবে চালু করা হচ্ছে।
 
ইংরেজি, তুর্কি, ফরাসি, স্প্যানিশ ও পর্তুগিজ ভাষায় অ্যাপটি ব্যবহার করা যাবে। আইফোন ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা অ্যাপটি অনায়াসেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে এখনও পর্যন্ত এটি ভারতে আসেনি বলে জানিয়েছেন অর্কুট। অর্কুটের মতো ‘হ্যালো’ জনপ্রিয় হয়ে উঠলে বিশ্বের প্রায় সব প্রান্তের মানুষই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।