গ্যালাক্সি নোট ৭ এর ক্লোন ফ্যাবলেট আনছে শাওমি!

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৬:০৪
নামিদামি ব্র্যান্ডের পণ্যের অনুকরণে একই রকম সস্তা জিনিস তৈরি করার প্রবণতা চীনে বেশ পুরনো। সেই সু‌যোগে চীনের বহু প্রযুক্তি প্রতিষ্ঠানও নামিদামি কোম্পানির জনপ্রিয় পণ্যকে নকল করে থাকে। বিকাশমান বাজারে তুমুল জনপ্রিয় শাওমিও একই কাজ করে।
 
সম্প্রতি এমআই নোটবুক বাজারে এনেছে শাওমি। এই নোটবুক মূলত অ্যাপলের ম্যাকবুক নকল করে তৈরি, অভিযোগ প্রযুক্তিপণ্য বিশ্লেষকদের।
 
এই অভিযোগে রা নেই শাওমি কর্তৃপক্ষের। আর তাই এবার সদ্য উন্মোচিত স্যামসাং গ্যালাক্সি নোট ৭ এর আদলে নিজস্ব ডিভাইস তৈরিতে কাজ করছে সংশ্লিষ্টরা, তাও রীতিমতো ঘোষণা দিয়ে! গ্যালাক্সি নোট ৭ এর ওই ক্লোন ডিভাইসের নাম ‘মি নোট এজ’।
 
মি নোট এজে থাকবে ডুয়াল-কার্ভড স্ক্রিন, যেমনটি দেখা গেছে গ্যালাক্সি এস৭ এজ ও নোট ৭-এ। শাওমিটুডে ওয়েবসাইটে এর একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে থাকা হ্যান্ডসেটটির যথেষ্ট সামঞ্জস্যতা মেলে গ্যালাক্সি নোট ৭-এর সঙ্গে।
 
আগামী বছরের শুরুতে মি নোট এজ স্মার্টফোন উন্মোচন করতে পারে চীনের এ প্রতিষ্ঠান।