পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস চালককে ছুরিকাঘাতের প্রতিবাদে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এ অবরোধ চলে। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রীদের পরিবহণকারী বাসটি পাবনা শহরের মধ্যে দিয়ে যাবার সময় ট্রাফিক মোড় এলাকায় যানজটের মধ্যে পড়ে। এ সময় তিনটি মোটরসাইকেলে নয়জন যুবক যানজটের জন্য বাস চালক আব্দুর রহিমকে দায়ী করে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত বাস চালককে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
এ খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শনিবার সকালে বিক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা। তারা দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দেড় ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন বিভিন্ন গাড়ির যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
