আলেপ্পোর গোলন্দাজ ঘাঁটিতে সিরীয় বিদ্রোহীদের আক্রমণ

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০৩:৪৭
সরকারি বাহিনীর অবরোধ ভাঙার চেষ্টারত সিরীয় বিদ্রোহীরা আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছে। শুক্রবার চালানো এ হামলা প্রতিহত করা হয়েছে জানিয়ে কয়েকশ’ বিদ্রোহী নিহত হওয়ার পাল্টা দাবি করেছে সিরীয় সরকারি বাহিনী। সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর পূর্বাংশের আবাসিক এলাকগুলোর সাতটি অংশ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। এসব অংশে প্রায় আড়াই লাখ লোকের বাস। জুলাইয়ের প্রথমদিক থেকে ইরান-সমর্থিত লেবাননী হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় সিরীয় সেনাবাহিনী বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশগুলো অবরোধ করে রেখেছে, এতে ওই এলাকাগুলো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
‘জইশ আল ফাতেহ’ নামের উগ্রপন্থি বিদ্রোহীদের একটি জোট, যাদের মধ্যে সাবেক আল-কায়েদার অনুগামী গোষ্ঠী নুসরা ফ্রন্ট বা হালের জাবহাত ফাতেহ আল শাম, আহরার আল শাম ও অন্যান্য ছোট কয়েকটি গোষ্ঠী রয়েছে, জানিয়েছে, তারা আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাংশে রামৌসাহ সামরিক স্থাপনার প্রধান গোলন্দাজ একাডেমির দখল নিয়েছে। গোলন্দাজ ঘাঁটিটির সংলগ্ন অন্যান্য সামরিক একাডেমির দখল নেওয়ার জন্য তারা এখন লড়াই করে যাচ্ছে বলে জানিয়েছে। এটি সিরিয়ার বৃহত্তম সামরিক একাডেমি।
 
বিদ্রোহীদের দখলকৃত এলাকাগুলো থেকে গোলন্দাজ ঘাঁটিটি প্রায় দুই কিলোমিটার দূরে। এই ঘাঁটিতে প্রচুর অস্ত্রশস্ত্রের মজুদ আছে। এখান থেকে আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশগুলোতে নিয়মিত গোলাবর্ষণ করা হতো। বিদ্রোহীরা সরকারি বাহিনী-নিয়ন্ত্রিত এলাকার ভিতর দিয়ে যাওয়া একটি সংকীর্ণ পথ মুক্ত করার চেষ্টা করছে। এই পথটি পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকাগুলোকে সিরিয়ার পশ্চিমাংশের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর সঙ্গে সংযুক্ত করতে পারবে। এই পথটির পতন হলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রেণে থাকা পশ্চিম আলেপ্পো বিচ্ছিন্ন হয়ে পড়বে।
 
ঘাঁটিটির ভিতরে লড়াই চলছে জানিয়ে আহরার আল শামের আবু আল ওয়ালিদ নামের এক যোদ্ধা বলেন, “দুই আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি নিয়ে গোলন্দাজ ঘাঁটির ভিতরে চৌকিতে গিয়ে বিস্ফোরণ ঘটায়।”
 
বিদ্রোহীরা জানিয়েছে, গোলন্দাজ ঘাঁটিটির চারপাশে সরকারি প্রতিরক্ষ ব্যুহ ভেঙে ফেলার পর ঘাঁটিটির ভিতরে সরকারি বাহিনীর সঙ্গে কয়েকশ’ বিদ্রোহী যোদ্ধা তীব্র লড়াই করে যাচ্ছে। দু’পক্ষের মধ্যে মাত্র কয়েকশ’ মিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন তারা।