লক্ষ্মীপুর-চর রুহিতা সড়কের বেহাল অবস্থা

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ০২:৫৪
লক্ষ্মীপুর পৌর শহরের ইটের পোল থেকে চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ পর্যন্ত ৬ কি.মি সড়কের প্রায় ৫ কি.মি অংশ জুড়েই রয়েছে বড় বড় গর্ত। এই সংযোগ সড়কের বেশিরভাগ অংশের পিচ উঠে গেছে অনেক আগেই। আর একটু বৃষ্টি হলেই সড়কটিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ তিন বছর ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল অবস্থা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। সর্বশেষ সড়কটি সংস্কার করা হয় ২০১৩ সালে।  চর রুহিতা ইউনিয়নের বাসিন্দাদের লক্ষ্মীপুর জেলা সদরে যোগাযোগের একমাত্র সড়ক এটি। ওই ইউনিয়নের বাসিন্দাদের হাট-বাজারসহ অন্যান্য কাজের জন্য একমাত্র ভরসা সড়কটি। এছাড়া আশ-পাশে নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চ বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা রয়েছে। প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী ঝুঁকি নিয়ে চলাচল করে। ভারি যানবাহন চলাচল আর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বেশিরভাগ অংশে পিজ উঠে গিয়ে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দু’বছর ধরে পৗর শহরের ইটের পোল থেকে চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার পর্যন্ত এ সড়কটির করুণ অবস্থা। শুধু সংস্কারের অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে চর রুহিতা ইউনিয়নের বাসিন্দাদের। এ নিয়ে স্থানীয়রা একাধিকবার জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। দ্রুত সড়কটি সংস্কার করে ইউনিয়নবাসী দীর্ঘদিনের দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন।