নিজের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়াকে অবৈধ বললেন রৌসেফ

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৯:২৭
সাময়িকভাবে হওয়া ব্রাজিলের  প্রেসিডেন্ট দিলমা রৌসেফ তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়াকে অবৈধ বলেছেন। রৌসেফের দাবি, তার আমলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ায় শত্রুদের রোষানলে পড়তে হয়েছে তাকে।
 
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রৌসেফ তার রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে লড়ছেন। দেশটির অত্যন্ত জনপ্রিয় প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার উত্তরসূরি হিসেবে রৌসেফকে মনোনীত করেছিলেন। কিন্তু তার জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি। তার দ্বিতীয় মেয়াদে ব্যাপক অরাজকতা সৃষ্টি হয় দেশটিতে।
 
দিলমা রৌসেফ বলেন, তিনি যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন তবে জনগণ তার প্রতি আবার আস্থা ফিরে পাবে। ইমপিচমেন্টের শুনানির কারণে রৌসেফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
দেশের অর্থনীতি ধ্বংস এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে পক্ষপাতপূর্ণ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি ব্রাজিলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল টেমারের  বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। দিলমা রৌসেফের ভাইস প্রেসিডেন্ট টেমার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যাতে তাকে ইমপিচমেন্টের মুখোমুখি হতে হয়।
 
রৌসেফের বিরুদ্ধে প্রধান অভিযোগ তিনি বাজেট ঘাটতি লুকিয়ে রাখতে হিসাবে গরমিল করেছিলেন। তবে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের কোনো অভিযোগ ওঠেনি। -আল জাজিরা
 
ইত্তেফাক/এমএএস