বানারীপাড়া-বরিশাল সড়কের পৌর বাসস্ট্যান্ড থেকে টিএ্যান্ডটি মোড় পর্যন্ত সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ সড়কের ওই অংশে পিচ, খোয়া ও পাথর উঠে অসংখ্য গভীর গর্ত সৃষ্টি হয়ে মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে সড়কের ওই অংশে খানা-খন্দ তৈরি হয়ে বেহাল হয়ে পড়ে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বেহাল সড়ক দিয়ে রোগী চলাচল করতে এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি (গর্ভবতী) মায়েদের কষ্টের শেষ নেই।
বানারীপাড়া শহরের প্রাণকেন্দ্রের ওই সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তর হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ সড়কটির স্থায়ী পুনঃনির্মাণ কিংবা সংস্কারে কোনো পদক্ষেপ নিতে পারছে না। সড়কের ওই অংশ সওজ থেকে কেটে পৌরসভার অন্তর্ভুক্ত করা হলে প্রতিবছর এ ভোগান্তি ও দুর্ভোগের হাত থেকে এলাকাবাসী রক্ষা পেতো বলে ধারণা। এনিয়ে পত্রিকায় সড়ক নয় মরণফাঁদ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর বরিশাল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ প্রতিবার কয়েক লাখ টাকা বরাদ্দ দেয়।
ঠিকাদার দায়সারা গোছের কাজ করে বরাদ্দকৃত অর্থ লোপাটের কারণে কয়েকদিন পরেই সড়কটি পিচ, খোয়া ও পাথর উঠে অসংখ্য গভীর গর্ত সৃষ্টি হয়ে আবারও বেহাল হয়ে পড়ে। তাই অবিলম্বে সড়কটি স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খালেদ শাহেদ জানান, সড়কটি আপাতত সংস্কার করে দেওয়া হবে বরাদ্দ এলে পরবর্তীতে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ইত্তেফাক/ এ এন
