নারায়ণগঞ্জের আড়াইহাজারের আমান হত্যার প্রধান আসামি হোসেন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার দড়ি বিশনন্দী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের হাসু মিয়ার প্রতিবন্ধী ছেলে দিন মজুর আমানের (২৫) লাশ উদ্ধার করা হয় দড়ি বিশনন্দী এলাকার কবরস্থানের পাশ থেকে। লাশের গায়ে আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, আমান প্রতিবন্ধী ছিলেন। তিনি দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কখনো ধারদেনা করেও অন্ন যোগাড় করতেন। কিন্তু কাজ করে তিনি নিয়মিত টাকা জমাতেন প্রতিবেশি একই এলাকার হোসেন আলীর কাছে। এই জমানো টাকা আত্মসাত করার উদ্দেশ্যেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ইত্তেফাক/এমআই
