'মোমেন্টস' নামের ট্যাবকে নতুন করে ফিচার আকারে সাজিয়ে আনা হচ্ছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে। এতে ছবি ও ভিডিওর সমন্বয়ে সর্বোচ্চ ১০ সেকেন্ডের স্লাইডভিত্তিক উপস্থাপনা করা যাবে। তবে যা কিছু প্রকাশ বা শেয়ার করা হবে তার স্থায়িত্ব ২৪ ঘণ্টা, এরপরই তা মুছে যাবে স্বয়ংক্রিয়ভাবে।
গত বছরের শেষ দিকে মোমেন্টস চালু করে টুইটার, তবে তা পৃথক ট্যাব আকারে। আর এবার একে 'স্ন্যাপচ্যাট স্টোরিজ' ও 'ইনস্টাগ্রাম স্টোরিজ'-এর আদলে সাজিয়ে ফিচার আকারে আনা হচ্ছে। আগামী মাস থেকে এই সেবা পাবেন টুইটার ব্যবহারকারীরা।
এ ব্যাপারে বৃহস্পতিবার সকালের দিকে এক ব্লগ পোস্টে টুইটার জানিয়েছে, 'ব্যবহারকারীদের গল্প বলার নতুন ও গতিশীল উপায় দিতে 'মোমেন্টস'কে নতুন রূপে সাজিয়ে হাজির করা হচ্ছে।'
একই রকম সেবা পাওয়া যায় ছবি, ভিডিও, টেক্সট ও ড্রয়িংস শেয়ারের অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাটের স্টোরিজ ফিচারে। এই ফিচারটি নকল করে কিছু দিন আগে একই নামের একটি ফিচার যোগ করে ফেসবুক অধিকৃত ইনস্টাগ্রাম। আর এবার তা আসছে টুইটারে।
