ভারতে ‘নো সেলফি জোন’ চিহ্নিত হচ্ছে

আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২০:৫১
বিগত দুই বছরে ভারতে ৫৬ জন মারা গেছেন সেলফি তোলার নেশায়। এবার এই সেলফি তোলার বিপদ নিয়ে নড়ে-চড়ে দেশটির ভারত সরকার, সেলফির হিড়িক ঠেকাতে বিভিন্ন রাজ্যে 'নো সেলফি জোন' ঘোষণা করছে কর্তৃপক্ষ।
 
সারাদেশের পর্যটন কেন্দ্রগুলিতে 'সেলফি ডেঞ্জার জোন' বা সেলফির জন্য বিপদজনক এলাকা খুঁজে বার করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়। পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন পর্যটন মন্ত্রী মহেশ শর্মা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় থেকে তরফে বলা হয়েছে পর্যটনস্থলের যেসব জায়গায় সেলফি তুলতে গেলে বিপদ হতে পারে, সেই স্থানগুলি চিহ্নিত করে স্বেচ্ছাসেবক রাখা হবে।
 
অনেক মনস্তত্ত্ববিদ বলেছেন সেলফি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করাটা একটা মনোরোগ। যদিও তা নিয়ে যথেষ্ট গবেষণা এখনও হয় নি। অনেকের মতে এটা একটা নেশার মতো – বন্ধু বা পরিচিতদের কাছে বিখ্যাত হয়ে ওঠার শর্টকার্ট। স্মার্টফোন হাতে নিয়ে অনেক তরুণ তরুণীই তাই অসচেতন হয়ে পড়েন।
 
‘সেলফি’ তোলার হিড়িক আটকাতে মুম্বাই পুলিশ শহরের ১৬টি জায়গাকে ‘নো সেলফি জোন’ বলে চিহ্নিত করেছে, কর্ণাটক রাজ্যেও নো সেলফি জোন তৈরি করেছে সরকার। এদিকে সবকটি জাতীয় সৌধের সামনে সাময়িকভাবে সেলফি তোলা নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়।ভারতের স্বাধীনতা দিবসের আগে – পরে – ১২ থেকে ১৮ তারিখ অবধি নিরাপত্তার কারণে জাতীয় সৌধগুলি নো সেলফি জোন বলে ঘোষিত হয়েছে।
 
যেসব জায়গায় সেলফি তুলতে গেলে যে বিপদ হতে পারে, সে ব্যাপারে পর্যটকদের সাবধান করে দেবেন এই স্বেচ্ছাসেবকরা। রাজ্য সরকারগুলো আর আর্কিওলজিক্যাল সার্ভেকেও এই সেলফি ডেঞ্জার জোন খুঁজে পর্যটকদের সচেতন করার ব্যাপারে অনুরোধ করেছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ