'জঙ্গিবাদ থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে'

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০১:৩২
জঙ্গিবাদ থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে' ঢাকা জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে তরুণ প্রজন্মকে সংস্কৃতিমনা করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক সায়ীদ বলেন, তরুণ প্রজন্মকে জঙ্গিবাদ থেকে দূরে রাখতে তাদের সংস্কৃতিমনা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদের বেশি বেশি বই পড়ার সুযোগ করে দিতে হবে। তিনি আরও বলেন, ভালো বই পড়ার মধ্যমে তাদের (তরুণদের) বিবেক জাগ্রত হবে। ফলে তারা আর খারাপ কাজ, মন্দ কাজের দিকে যাবে না। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ থেকে তারা দূরে থাকবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের বইপড়া কর্মসূচি সম্প্রসারণের জন্য আইএফআইসি ব্যাংক লিমিটেড ও বিশ্বসাহিত্য কেন্দ্রের মধ্যে ৫ বছর মেয়াদী এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে আবদুল্লাহ আবু সায়ীদ ও আইএফআইসি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তি অনুযায়ী আগামী ৫ বছরে আইএফআইসি ব্যাংক বিশ্বসাহিত্য কেন্দ্রকে প্রতি বছর বিশ লক্ষ টাকা করে সর্বমোট এক কোটি টাকা আর্থিক সহযোগিতা প্রদান করবে।
বিশ্বসাহিত্য কেন্দ্র এই সহযোগিতায় সারাদেশে আরও ৫০০ কলেজে বইপড়া কর্মসূচি সম্প্রসারণ করবে। এর ফলে ৫০০ কলেজ থেকে প্রায় ৩০ হাজার নতুন শিক্ষার্থী বইপড়া কার্যক্রমের আওতায় আসবে। উল্লেখ্য, বর্তমানে সারাদেশে ৩০০ কলেজে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি চালু রয়েছে।

ইত্তেফাক/এ এন