আইবাডি নামে অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ডেটা কেনার নতুন এক সেবা এনেছে টেলিকম অপারেটর রবি। ইন্টারনেট ডাটার প্যাকেজ কেনায় দেশে প্রথমবারের মত এমন সেবা আনা হয়েছে বলে দাবি অপারেটরটির।
আইবাডি'র মাধ্যমে গ্রাহকরা ১০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘণ্টা, ২ ঘণ্টা বা ১০ ঘণ্টা প্যাকেজের যে কোনটি বেছে নিতে পারেন।
এজন্য প্রথমে গ্রাহকদের তাদের মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে নিবন্ধন করতে হবে। এরপর শুধু মিনিট অনুযায়ী ডাটা প্যাক কিনে অ্যাক্টিভ করলেই ডাটা সেবা গ্রহণ করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
কী পরিমাণ ডাটা ব্যবহার হলো তা পরিমাপ করার জন্য এমবি ও জিবি’কে মাপকাঠি হিসেবে ব্যবহার করেন তথ্য-প্রযুক্তিবিদরা। এটি প্রযুক্তিগতভাবে পরিমাপের অন্যতম উপায় হলেও সাধারণ গ্রাহকের কাছে অনেক সময় তা ধাঁধার মত লাগে। এছাড়া এর মাধ্যমে তার কী পরিমাণ ডাটা প্রয়োজন এবং বাজারের বিভিন্ন প্যাক থেকে কোনটি বেছে নেবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন গ্রাহকরা। এসব সমস্যারই সমাধান নিয়ে মিলবে এই আইবাডি অ্যাপে।
গ্রাহকরা যতবার খুশি এই প্যাকগুলো কিনতে পারবেন এবং সে অনুযায়ী ব্যবহারের সময়সীমা বাড়তে থাকবে। সময়ভিত্তিক এই ডাটা প্যাকে কী পরিমাণ মিনিট অবশিষ্ট আছে তা অ্যাপটিতে দেখানো হবে। ডাটা প্যাকের মেয়াদ শেষ হয়ে গেলে অ্যাপটি গ্রাহককে ইন্টারনেট সংযোগের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানাবে। বিশেষ অফারগুলোর জন্য গ্রাহককে আইবাডি’র উপর নজর রাখতে এবং অ্যাপটি নিয়মিত আপডেট করতে হবে।
