বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৪:৪৬
 
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরের দিকে কাস্টমসের তল্লাশি কেন্দ্রের স্ক্যানার মেশিনের পাশে একটি স্কুলব্যাগে থাকা মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
 
আটকের বিষয়টি বুঝতে পেরে ব্যাগ রেখে পালিয়ে যায় বলে ধারণা করছেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস জানায়, তাদের কাছে একটি গোপন সংবাদ আসে- ভারত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার একটি চালান এ পথ দিয়ে পার হয়ে দেশের অভ্যন্তরে আসবে। এমন সংবাদ পেয়ে কাস্টমস কর্মকর্তারা আগে থেকে সতর্ক ছিলেন। বেলা দেড়টার দিকে কয়েকজন যাত্রীর কয়েকটি ব্যাগ স্ক্যানার মেশিনে তল্লাশি চলছিল। তখন ওই স্কুলব্যাগটি স্ক্যানার মেশিনের পাশে পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও ব্যাগের মালিক পাওয়া না গেলে ব্যাগটি খোলা হয়। তার মধ্য থেকে ৫টি বান্ডিলে ৫০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশের টাকায় ৪০ লাখ সমপরিমাণ। খবর পেয়ে বেনাপোল কাস্টমস হাউজের উর্ধ্বতন কর্মকর্তারা চেকপোস্টে ছুটে আসেন।
 
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমান বৈদেশিক মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেয়া হবে। -বাসস
 
 
ইত্তেফাক/কেকে