এনএসজি জট খুলতে দিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৯:০৭
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এই সফরের মধ্য দিয়ে ভারতের এনএসজিতে (নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপ) প্রবেশের বাধা অনেকটা দূর হতে পারে বলে মনে করা হচ্ছে।
 
আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পায়। এদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, ভারতের জন্য এনএসজির দরজা শক্তভাবে বন্ধ হয়নি। এ নিয়ে তাদের বিমর্ষ হওয়া উচিত নয়। দুই দেশের উচিত নিজেদের মধ্যে মতপার্থক্য মিটিয়ে ফেলা।
 
চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোদীর বৈঠকে আসন্ন জি-২০ ও ব্রিকস সম্মেলন নিয়ে আলোচনা হয়। অক্টোবরে ভারতে ব্রিকসের ৮ম সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণ করবেন বলে জানানো হয়।
 
নিউক্লিয়ার ক্লাবে সদস্যপদ লাভে ব্যর্থতার জন্য চীনকে দায়ী করে নয়াদিল্লি। চীনের তরফ থেকে বলা হয়েছিল ভারত যেহেতু এনপিটিতে (নিউক্লিয়ার নন প্রোলিফারেশন ট্রিটি) সই করেনি তাই তার সদস্যপদ বিবেচিত হতে পারে না।
 
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির ব্যর্থতার পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারত ওই সদস্যপদ লাভে চীনের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত রাখবে। এদিকে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া তাদের খবরে বলেছে, ভারতকে চীনের প্রতি দোষারোপ দেওয়া বন্ধ করতে হবে। কেননা এনএসজিতে যোগদানে তাদের কোনো বাধা ছিল না। এক্ষেত্রে নয়াদিল্লিকে আশাহত হওয়া উচিত নয়, কেননা এনএসজির দরজা তাদের জন্য খুব শক্ত করে বন্ধ হয়ে যায়নি। একইসঙ্গে গ্রুপ এটাও বলছে, কাউকে এনএসজিতে আসতে গেলে তাকে এনপিটি হয়েই আসতে হবে। -এনডিটিভি
 
ইত্তেফাক/এমএএস