নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেন চালিত নতুন স্মার্টফোন ‘জেড ২’ বাজারে আনতে যাচ্ছে স্যামসাং। সম্ভবত চলতি মাসেই উন্মোচন করা হবে স্মার্টফোনটি।
গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বর্তমানে নিজস্ব অপারেটিং সিস্টেম টাইজেনের উপর নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টা করছে স্যামসাং।
একটি ওয়েবসাইটের দাবি, প্রথম দফায় স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনটি শুধু ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও কেনিয়ার মতো কয়েকটি নির্দিষ্ট দেশেই মিলবে।
ফোর-জি সমর্থিত নতুন জেড ২ হ্যান্ডসেটের ডিসপ্লে হতে পারে ৪-৪.৫ ইঞ্চির, অ্যামোলেড ডিসপ্লে সম্পন্ন এই ফোনের র্যাম ১ জিবি, রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের হলেও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, থাকবে এস বাইক মোডও। ব্যাটারি সম্ভবত ১৫০০-২০০০ এমএএইচ-এর।
এর আগে স্যামসাং টাইজেন ওএস চালিত দু’টি স্মার্টফোন বাজারে আনে। গত বছরের জানুয়ারি মাসে জেড ১ ও অক্টোবরে জেড ৩ বাজারে এলেও তেমন জনপ্রিয়তা পায়নি। নতুন স্মার্টফোনের দাম বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার টাকা হতে পারে।
