অস্ট্রেলিয়ায় পাঞ্জাবি-টুপি পরে গির্জায় ঢুকে ইসলাম-বিরোধী স্লোগান

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ১৬:০৮
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের গসফোর্ড অ্যাংলিকান গির্জায় কয়েকজন ডানপন্থি ইসলাম-বিদ্বেষী ঢুকে পরে একটি শেষকৃত্যানুষ্ঠানকে বাধাগ্রস্ত করেছে। বিক্ষোভকারীদের পরনে ছিল মুসলমানদের ধর্মীয় পোশাক, কণ্ঠে ছিল ইসলামবিরোধী শ্লোগান।
 
এমনকি চার্চে ঢুকে বিক্ষোভকারীরা একটি লাউড-স্পিকার নিয়ে তাতে মুসলমানদের নামাজকে ব্যঙ্গ করে। পার্টি ফর ফ্রিডম নামে বিক্ষোভকারীদের এই দলটি পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের এই বিক্ষোভের ছবি ও ভিডিও পোস্ট করে এবং দাবী করে, গির্জাটি ইসলামিক নেতা এবং বহু-সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল হওয়ায় তারা এই প্রতিবাদ জানিয়েছে।
 
IMG0
 
সিনেটর পলিন হ্যানসনের অভিবাসন-বিরোধী ওয়ান নেশন পার্টির সঙ্গে এই সংগঠনটির যোগাযোগ রয়েছে। ওয়ান নেশন পার্টি বিগত নির্বাচনে অস্ট্রেলিয়ার সিনেটে চারটি আসনে জিতেছে। অবশ্য এই ঘটনা ঘটার প্রায় চব্বিশ ঘণ্টারও বেশী সময় পর ওয়ান নেশন পার্টি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পার্টি ফর ফ্রিডমের সঙ্গে তাদের কোন সংশ্লিষ্টতা নেই।
 
পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। গির্জা কর্তৃপক্ষ এটিকে ‘বর্ণবাদী স্টান্ট’ হিসেবে অভিহিত করেছে। বিবিসি।
 
 
ইত্তেফাক/এসএসএ