নাইজেরিয়ার অপহৃত স্কুলছাত্রীদের ভিডিও প্রকাশ

আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ২০:০০
নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের প্রকাশ করা একটি ভিডিওতে চিবোক শহরের একটি স্কুল থেকে  অপহরণ  হওয়া কিশোরীদের কয়েকজনকে দেখা গেছে।
 
ভিডিওতে লম্বা হিজাব পরা প্রায় ৫০ জন মেয়েকে এক বোকো হারাম জঙ্গির পেছনে দাঁড়িয়ে এবং বসে থাকতে দেখা যায়। ভিডিওতে ওই জঙ্গি কারাগারে আটক তাদের নেতাদের মুক্তির দাবি জানায়।
 
কাঁধে বন্দুক ঝোলানো ওই জঙ্গিকে এক কিশোরীর সাক্ষাতকার নিতে দেখা যায়। কিশোরীটি বলে, তার নাম মাইদা ইয়াকুবু এবং সে চিবোকে বসবাস করত। সে কারাবন্দী বোকো হারাম জঙ্গিদের ছেড়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করে।
 
কাবাকু ভাষায় ওই কিশোরী বলে, “আমি যা বলছি তা আমাদের বাবা-মায়েদের হৃদয় দিয়ে বোঝা উচিত। সরকারের সঙ্গে কথা বলুন যাতে আমরা বাড়ি ফেরার অনুমতি পাই।”
 
২০১৪ সালের ১৪ এপ্রিলে উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নিও রাজ্যের চিবোক এলাকার একটি স্কুল থেকে ২৭৬ জন ছাত্রীকে তুলে নিয়ে যায় বোকো হারাম জঙ্গিরা। তাদের মধ্যে ২১৯ জন এখনো জীবিত আছে এবং জঙ্গি দলটির কাছে বন্দী আছে বলে বিশ্বাস করা হয়। -বিবিসি