পাকিস্তানে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল মা-বাবা-মেয়ের

আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৯:৫৭
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেলফি তুলতে গিয়ে নদীতে পড়ে যাওয়া মেয়েকে উদ্ধার করতে গিয়ে মেয়ে ও মা-বাবা ডুবে মারা গেছেন।
 
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুনহার নদীর বিসিয়ান গ্রামের অংশে মঙ্গলবার মেয়ে ও মা-বাবা ডুবে মারা যান। ১১ বছর বয়সি মেয়ে সেলফি তোলার প্রস্তুতি নেয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যায়। এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাফিয়া নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে তার মা সাজিয়া আতিফ ঝাপ দেন। কিন্তু স্রোত তাকে টেনে নেয়। মেয়ে ও স্ত্রীকে ডুবে যেতে দেখে তাদের উদ্ধারে ঝাপ দেন আতিফ হুসাইন। কিন্তু তার ভাগ্যেও একই পরিণতি হয়।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা আরশাদ খান জানিয়েছেন, সাফিয়া আতিফ নামের মেয়েটি নদীর কিনারে সেলফি তোলার প্রস্তুতি নিতে গিয়ে পা পিছলে পড়ে যায়। মেয়ে ও মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু আতিফ হুসাইন এখনো নিখোঁজ রয়েছে।
 
আতিফ হুসাইন ও তার স্ত্রী সাজিয়া আতিফ দুজনেই পাঞ্জাবের চিকিৎসক। ছেলেমেয়েদের নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন। অন্য দুই সন্তান- নয় বছর বয়সি এক মেয়ে এবং ছয় বছর বয়সি এক ছেলে তাদের সঙ্গে ছিল।