ভারতে বিদ্রোহের মুখে বন্ধ অ্যামনেস্টির অফিস

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১২:৫৩
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ এনে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী একটি সংগঠন। বিক্ষোভের মুখে সংগঠনটির অফিস সাময়িকভাবে বন্ধ কর হয়েছে। এছাড়া তাদের পূর্ব নির্ধারিত সব কর্মসূচিও বাতিল করা হয়েছে।
 
অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ, কাশ্মিরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শনিবার তাদের এক সেমিনারে ভারতবিরোধী বক্তব্য ও স্লোগান দেয়া হয়েছে।
 
বিজেপিঘনিষ্ঠ ছাত্র সংগঠন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এভিবিপি) এ বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে। অ্যামনেস্টির বিরুদ্ধে বেআইনিভাবে লোক জড়ো করে দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগও এনেছে তারা।
 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘ক্ষমতার অপব্যবহার’ নিয়ে ব্যাঙ্গালুরুতে ওই সেমিনার করে অ্যামনেস্টি ইন্ডিয়া। এরপর মঙ্গল ও বুধবার এভিবিপিসহ বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ করলে অ্যামনেস্টি তাদের দিল্লী, পুনে ও চেন্নাইয়ের অফিস সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়।
 
তবে আনা ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগ অস্বীকার করেছে অ্যামনেস্টি ইন্ডিয়া। তাদের ভাষ্য, উন্মুক্ত ওই অনুষ্ঠানে আসা ব্যাক্তিদের কেউ কেউ কাশ্মিরের স্বাধীনতা চেয়ে স্লোগান দিলেও তাতে তাদের কর্মকর্তা-কর্মচারীরার জড়িত ছিলেন না। 
 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার মুখপাত্র হিমানশি মাতা বলেন, ‘ওই অভিযোগে আমাদের জড়ানোর কোনো যুক্তি থাকতে পারে না। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত ছিল। সারাক্ষণই মানুষ এসেছে, চলেও গেছে। কেউ কেউ ওরকম করতেও পারে, কিন্তু কোনো কর্মচারী এতে জড়িত ছিল না।’
 
তিনি আরো বলেন, ‘জম্মু ও কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে এমন পরিবারের সদস্যদের কথা শুনতে আমাদের বাধা দিচ্ছে বিক্ষোভকারীরা। পাশাপাশি সমাজকর্মী, যারা এ ধরনের ঘটনার পর সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করতে আগ্রহী তাদেরও বাধা দেয়া হচ্ছে।’
 
কাশ্মিরে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই সেমিনারের আয়োজন করা হয় বলে অ্যামনেস্টির মুখপাত্র জানান।