হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবারও ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহেদ ইসলাম বাদল বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী রবিবারও আমরা ধর্মঘট পালন করব।
তিনি আরো বলেন, হলের বিষয়ে আগামীকালও সরকার বা প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস না পেলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয় সহস্রাধিক শিক্ষার্থী। তারা বাহাদুর শাহ পার্ক ও আদালত এলাকার রাস্তা দখল করে বিক্ষোভ চালিয়ে যান। এতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় ।
বুধবার হল নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এএসএস
