রবিবারও ছাত্র ধর্মঘট জবিতে

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৫:০০
হলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী রবিবারও ধর্মঘটের ডাক দিয়েছে।
 
বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালনের পর বেলা ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহেদ ইসলাম বাদল রবিবারের এই কর্মসূচি ঘোষণা করেন। 
 
শাহেদ ইসলাম সাংবাদিকদের বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী রবিবারও আমরা ধর্মঘট পালন করব।
 
রবিবার সরকার বা প্রশাসনের কাছ থেকে কোনো আশ্বাস না পেলে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
 
এদিকে আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।