'পোকেমন গো' নিয়ে এখনও উন্মাদনা চলছে বিশ্বজুড়ে। তবে এই উন্মাদনায় শামিল হতে পারবে না ভিয়েতনামের গেমপ্রেমীরা। কারণ, দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে এই অগমেন্টেড রিয়ালিটি গেম।
ভিয়েতনাম সরকার 'নিরাপত্তা ঝুঁকি'কে কারণ দেখিয়ে গেমটি নিষিদ্ধ করেছে। মূলত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অঞ্চলের পাশাপাশি সরকারি ও কমিউনিস্ট পার্টির দফতরের আশেপাশের এলাকায় ভার্চুয়াল কার্টুন চরিত্রের খোঁজে আসক্তদের প্রবেশ বন্ধ করতে এই নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্টরা।
তবে স্থানীয় মিডিয়ার দাবি, পোকেমন চরিত্রের খোঁজে এসব এলাকায় প্রচুর লোকের ভিড় দেখা দেয়। এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে এ আদেশ জারি করেছে ভিয়েতনাম প্রশাসন।
এক বিবৃতিতে ভিয়েতনামের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ৬ আগস্ট দেশটিতে পোকেমন গো চালু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ গেমটি ডাউনলোড করেছে। গেমের চরিত্রগুলোকে খুঁজতে গিয়ে অনেকেই বর্তমানে ভিয়েতনামের গুগল মানচিত্র ব্যবহার করছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, গেমটিকে লাইসেন্স দেয়া হয়নি। কমিউনিস্ট পার্টির দফতরের ভেতর বা সংলগ্ন এলাকা, রাষ্ট্রীয়, সামরিক ও জাতীয় প্রতিরক্ষা এবং অন্যান্য নিষিদ্ধ এলাকার কাছাকাছি জনগণের গেমটি খেলাও উচিত নয়। এছাড়া খেলাটি খেলতে গিয়ে গেমাররা রেলওয়ে, মহাসড়ক, বিমানবন্দর, নদী, হ্রদ ও পাহাড়ের মতো বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বিপদে পড়তে পারেন।
পোকেমন গো এর বিশেষত্ব হল, এতে ভার্চুয়াল আর বাস্তব জগতের মধ্যে সমন্বয় আনা হয়েছে। কেবল ঘরে বসে খেলার মতো নয়, খেলোয়াড়কে বাইরে আনাই এই গেমের মূল লক্ষ্য। একটি স্মার্টফোনে গেমটি খেলার সময়ে 'পোকেমন গো' খেলোয়াড় থেকে পোকেমন বা প্রতিদ্বন্দ্বী দল কত দূরে রয়েছে তার ক্রমাগত নোটিফিকেশন দিয়ে যেতে থাকে। খেলোয়াড়রা চাইলে অপশনে গিয়ে তাদের আশপাশের পরিবেশ স্ক্যান করে দেখতে পারেন, কোথাও পোকেমন রয়েছে কিনা। ভাগ্য সুপ্রসন্ন হলে হয়ত মোবাইলের পর্দায় পোকেমনের দেখা পেয়েও যেতে পারেন হঠাৎ। আর চাইলে 'পোকেমন বল' ছুঁড়ে পোকেমনকে বন্দি করে গেমার তা যোগ করে ফেলতে পারেন নিজস্ব সংগ্রহের তালিকায়।
নিনটেনডো-এর এই গেম এ মাসের শুরুতে মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক সাফল্যের মুখ দেখে আসছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি নানা বিড়ম্বনাও পিছু ছাড়ছে না গেমটির। পোকেমন প্লেয়ারেরা প্রায়ই বাস্তবক্ষেত্রে অমনোযোগিতার কারণে সড়ক দুর্ঘটনাসহ ভুলে দেশের সীমানা পাড়ি দেওয়ার মতো সব ঘটনার জন্ম দিয়ে আসছেন।
এর আগে গত সপ্তাহে কম্বোডিয়ায় একটি গণহত্যা জাদুঘরে পোকেমন গো চরিত্রের খোঁজে গেমাররা এসে হাজির হওয়ার পর ওইখানে গেমটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরও আগে গেমটি নিষিদ্ধ করে ইরান ও ইসরাইল সেনাবাহিনী।
ইত্তেফাক/এএম
