ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, 'আওয়ামী লীগের নেতা-কর্মীদের আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে।'
শামসুর রহমান শরীফ শুক্রবার সন্ধ্যায় জেলার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা প্রয়াত আনিসুন্নবী বিশ্বাসের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
এ সময় শামসুর রহমান শরীফ বলেন, '১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড শুধু এদেশে নয়, পৃথিবীর ইতিহাসে এক নৃশংস ও ঘৃণ্যতম হত্যাকাণ্ড। স্বাধীনতা বিরোধী, গণতন্ত্র বিরোধী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়া ষড়যন্ত্র করে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন বলে মন্ত্রী তার বক্তৃতায় অভিমত ব্যক্ত করেছেন। খবর- বাসস।
ইত্তেফাক/এসএস
