রাবিতে শিবির সন্দেহে আটক ২

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৯:৫৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরকর্মী সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে শহীদ হবিবুর রহমান হল থেকে তাদের আটক করা হয়। রাতে তাদের পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
ছাত্রলীগ দাবি করেছে, আটকদের মধ্যে একজন বঙ্গবন্ধুকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে।
 
আটক ছাত্ররা হলেন- বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাজিবুল হাসান সৈকত ও রাজশাহী কলেজের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রথম বর্ষের আব্দুর রাজ্জাক। তারা দুজনেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুরের জুঁই ছাত্রবাসে থাকতেন।
 
পুলিশ ও ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৈকত, রাজ্জাকসহ ১০/১২ জন হবিবুর হলে ডাইনিংয়ে খাওয়ার জন্যে আসে। এ সময় তাদের আচরণে সন্দেহ হয়। পরে হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ তাদের অতিথি কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশকে খবর দেয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সৈকত ও রাজ্জাককে পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, আচরণে সন্দেহ হওয়ায় ১০/১২ জনেক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দুইজনকে পুলিশের কাছে দেয়া হয়েছে। এদের মধ্যে সৈকত বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য শেয়ার দেয়।
 
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, শিবির সন্দেহে দুই ছাত্রকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।