বিকাশমান বাজারে নিজেদের ব্যয়বহুল চারটি ফোন আনতে যাচ্ছে আসুস। সম্প্রতি ডিভাইস চারটি ভারতের বাজারের জন্য উন্মুক্ত করা হয়। জেনফোন ৩ সিরিজের ঐ চার স্মার্টফোনের মডেল হলো জেনফোন ৩ ডিলাক্স, জেনফোন ৩ আল্ট্রা, জেনফোন ৩ লেজার ও জেনফোন ৩।
জেনফোন ৩ মডেলের দাম ২১ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৫০০ টাকা। জেনফোন ৩ ডিলাক্স ও আল্ট্রার দাম ৪৯ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ হাজার ৩০০ টাকা। । লেজার মডেলটির দাম ১৮ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ১০০ টাকা।
প্রথমে আসা যাক জেনফোন ৩ মডেলের কথায়। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো চালিত এই স্মার্টফোনের ডিসপ্লে ৫.২ ইঞ্চির, ফুল এইচডি। বাহ্যিক আঘাত থেকে ফোনকে রক্ষা করার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। আরও আছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর, ৩ জিবি র্যাম, ইন্টারনাল মেমোরি ৩২ জিবি।
ডুয়াল সিম সমর্থিত এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্টে ৮ এমপি। রয়েছে ডুয়াল টোন ফ্ল্যাশ। ফোরজি এই ফোনের নিরাপত্তা ব্যবস্থাও বেশ আঁটসাঁট। বুড়ো আঙুলের ছাপের সাহায্যে খোলা যাবে এই ফোন, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি ৩০০০ এমএএইচ-এর।
আসুস জেনফোন ৩ ডিলাক্স আসুসের ফ্ল্যাগশিপ মডেল। এই ফোনে আসুস ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর, ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি। এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, প্রাইমারি ক্যামেরা ২৩ মেগাপিক্সেলের, ফ্রন্টে ৮ এমপির ক্যামেরা। ভিডিও রেকর্ডিং হবে ফোরকে মোডে।
আসুস জেনফোন ৩ আল্ট্রা-র স্ক্রিন এই সিরিজের মধ্যে সবচেয়ে বড়। ৬.৮ ইঞ্চির এই ফ্যাবলেটে (ফোন ও ট্যাবলেটের যুগলবন্দি) রয়েছে ২৩ এমপি রিয়ার ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোনটি শুধু ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি-সহ পাওয়া যাবে। দ্রুত চার্জ দেওয়ার জন্য এই স্মার্টফোনে রয়েছে কুইক চার্জ ৩.০ টেকনোলজি। ৪৬০০ এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি যুক্ত এই ফোনটির র্যাম ৪ জিবি।
এই সিরিজের সবচেয়ে সস্তা, বাজেট স্মার্টফোনটি হল আসুস জেনফোন ৩ লেজার। এই ফোনের বিশেষত্ব হল মাত্র ০.০৩ সেকেন্ডে ফোকাস করে ছবি তোলার সুবিধা রয়েছে। এছাড়া ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১৩ এমপি রিয়ার ক্যামেরার সঙ্গে সনির ইমেজ স্টেবিলাইজেশন। আরও রয়েছে ৪ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ।
