স্ক্যাম বিশ্বাস করে গচ্ছা গেল ৫০ হাজার ডলার!

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৩:৪০
ফেসবুকে ছড়ানো স্ক্যাম সম্পর্কে সচেতন এর অধিকাংশ ব্যবহারকারীই। তবে অসচেতন ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। তেমনই একজন ইউজিন রিড, যিনি ফেসবুকে ছড়িয়ে পড়া সর্বশেষ স্ক্যাম বিশ্বাস করে খুইয়েছেন ৫০ হাজার মার্কিন ডলার!
 
রিড শিগগিরই অবসরে যাচ্ছেন। এর মধ্যে ফেসবুকের মাধ্যমে জানতে পারেন, বিশাল অঙ্কের অর্থের লটারি জিতেছেন তিনি। খবরটা পেয়ে মিসৌরির সাদাসিদে এই মানুষটি নিজের ভাগ্য খুলেছে মনে করে স্ক্যামারদের সাথে যোগাযোগ করেন। যার পরিণতিতে নিজের কষ্টেসৃষ্টে জমানো ৫০ হাজার মার্কিন ডলার খোয়ান।
 
রিড জানান, বেশ কিছু দিন আগে এক ফেসবুক বন্ধুর সুপারিশে এক লটারি সাইটের পোস্টে ক্লিক করেন তিনি। এতে তাকে এক লাখ ৫০ হাজার মার্কিন ডলারের লটারি জেতার কথা জানানো হয়। তিনি কল দেন ওই সাইটে। তাকে লটারির অর্থ নিয়ে যাওয়ার অনুরোধ করা হয়।
 
এরপর তিনি সরাসরি ওই সাইট থেকে দেয়া ঠিকানায় যান। তাকে 'টাস্ক ক্লিয়ারেন্স ফি' হিসেবে অর্থ দিতে বলা হয়। এভাবে তার কাছ থেকে কয়েক দফায় ৫০ হাজার মার্কিন ডলার হাতিয়ে নেয় স্ক্যামাররা।