ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরাখণ্ড প্রদেশে গত দুই দিনে বৃষ্টিপাতের কারণে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে।
রবিবার পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মধ্যপ্রদেশে শুক্রবার সন্ধ্যা থেকে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাগর জেলায় একটি ঘর ধসে সাত জনের প্রাণহানি হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের রাজস্থান রাজ্যে অপর একটি বাড়ি ধসে পাঁচজন মারা গেছে।
তিনি বলেন, উত্তরাঞ্চলের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি জেলায় শনিবার প্রবল বৃষ্টিপাতের পর পাহাড় থেকে বড়বড় পাথর গড়িয়ে একটি বাড়ির ওপর এসে পড়ে। এতে বাড়িটি মাটির সাথে মিশে যায়। এ ঘটনায় এক পরিবারের সাত জন মারা যায়।
তিনি বলেন, ভারতের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতায় হেলিকপ্টার নিয়োজিত করেছে এবং তিনটি রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিমানে করে বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অফিস তিনটি রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা যেকোন ধরণের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
