উইন্ডোজ ১০-এ ওয়েবক্যাম ঝামেলা

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ২১:১৩
উইন্ডোজ ১০-এর বর্ষপূর্তিতে আনা আপডেটের মাধ্যমে কিছু থার্ড-পার্টি ইউএসবি ক্যামেরার ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে। গ্রাহকদের কাছ থেকে পাওয়া এমন অভিযোগের পাহাড় জমেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট-এর ঝুলিতে।
 
 
চলতি বছর ২ অাগস্ট আনা ওই আপডেটে এইচ.২৬৪ আর এমজেপিইজি নামের দুটি বড় ভিডিও কমপ্রেশন ফরম্যাটের জন্য সমর্থন বন্ধ করে দেওয়া হয়েছে। এখন, ওয়েব ক্যামেরা কাজ করছে না- লাখো উইন্ডোজ ব্যবহারকারী এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন, এমনকি তারা যখন মাইক্রোসফট মালিনাধীন স্কাইপ ব্যবহার করে স্ট্রিম করার চেষ্টা করছেন তখনও।
 
এই সমস্যার মুখোমুখি হচ্ছে লজিটেক-এর মতো অনেক বড় প্রতিষ্ঠানের ওয়েবক্যামও। আবার সফটওয়্যারের দিক থেকে বলা চলে কোডেক-এর উপর নির্ভর করে চলা কয়েকটি অ্যাপও কাজ করছে না। প্রযুক্তি সাইট গিজমোডো-কে দেওয়া এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০, উইন্ডোজের অন্যান্য যে কোনো সংস্করণের চেয়ে "বেশি গ্রাহক সন্তুষ্টি" পেয়েছে। এই আপডেটে পাওয়া অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটি বলে, আমরা উইন্ডোজ ১০ বর্ষপূর্তি আপডেট নিয়ে অল্প সংখ্যক অনাকাঙ্ক্ষিত সমস্যার অভিযোগ পেয়েছি। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কাসটমার সাপোর্ট এই সমস্যাগুলো নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। দ্য ভার্জ।
 
ইত্তেফাক/এসএসএ