চলতি বছর শেষে নতুন ক্রোম অ্যাপগুলো উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স প্লাটফর্ম থেকে ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করবে গুগল। তবে ইতোমধ্যে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো থাকবে এবং আপডেটও আনবে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ভার্জের খবরে প্রকাশ, ২০১৭ সালের শেষার্ধে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো ক্রোম ওয়েব স্টোর আর কোনো ক্রোম অ্যাপ দেখাবে না। আর ২০১৮ সালের শুরুতে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স-এ একেবারেই কোনো ক্রোম অ্যাপ লোড করা সম্ভব হবে না। তবে, এক্ষেত্রে এক্সটেনশন আর থিমগুলো এ পরিবর্তনের আওতা মুক্ত থাকবে।
গুগল জানিয়েছে, স্বক্রিয়ভাবে ক্রোম অ্যাপ ব্যবহার করেন এমন মানুষের শতকরা হারটা যৎসামান্য।
প্রতিষ্ঠানটির ভাষ্য, 'দুই ধরনের ক্রোম অ্যাপ রয়েছে- প্যাকেজড অ্যাপ আর হোস্টেড অ্যাপ। বর্তমানে, উইন্ডোজ, ম্যাক আর লিনাক্স-এর আনুমানিক ১ শতাংশ ব্যবহারকারী ক্রোম স্বক্রিয়ভাবে ক্রোম প্যাকেজড অ্যাপ ব্যবহার করেন, আর অধিকাংশ হোস্টেড অ্যাপই নিয়মিত ওয়েব অ্যাপ হিসেবে পরিণত হয়েছে।'
