জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:২৭
দাবি না মানা পর্যন্ত আজ সোমবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে তারা আন্দোলন করছে।
 
আজ সকালে শিক্ষার্থীদের মিছিল পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের লাঠিপেটায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। মিছিলটি প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাচ্ছিল। এরপর শিক্ষার্থীরা ইংলিশ রোডের তাঁতীবাজার মোড় অবরোধ করে। সড়কে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করে। এতে বাবুবাজার থেকে যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সোয়া দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
 
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, আজ থেকেই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সব কাজ বন্ধ থাকবে।
 
সোমবার সকাল পৌনে ১০টার দিকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী মিছিল নিয়ে বাধা ঠেলে বংশাল মোড়ে পৌঁছালে তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ে পুলিশ। মিছিলে লাঠিপেটা করা হয় বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
 
এর পর বেলা ২টার দিকে আন্দোলনকারীদের পক্ষে রাশেদুল ইসলাম, রাইসুল ইসলাম নয়ন ও সফিকুল ইসলাম এক বিবৃতি দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন।
 
পরে রাইসুল ইসলাম নয়ন বলেন, পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করা হবে।
 
‘প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত ধর্মঘট চলবে।’ এ কথা বলেন তিনি।