জাপানে চার শিশু সন্তানকে হত্যার অভিযোগে এক মায়ের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকা ফুকুওকার একটি বাড়িতে এই শিশুদের মৃত পাওয়া গেছে যার মধ্যে একটি কন্যা শিশুর বয়স ৩ বছর।
জাপানের দক্ষিণাঞ্চলীয় এলাকা ফুকুওকার পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে ওই বাড়িতে ১০ বছর বয়সী এক বালক, দুটি ৬ বছর বয়সী বালিকা ও একটি ৩ বছর বয়সী মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের এক মুখপাত্র বলেন, শিশুদের বাবা তাদের মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শিশু গুলোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই নারী তার সন্তানদের হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করে।
জিজি প্রেস ও সরকারি টিভি চ্যানেল এনএইচকে জানিয়েছে, পুলিশ সম্ভাব্য হত্যা ও আত্মহত্যা প্রচেষ্টা সন্দেহে ওই শিশুদের ৪১ বছর বয়সী মাকে জিজ্ঞাসাবাদ করছে। টিভি আসাহি জানিয়েছে, ওই নারী তার শিশুদের হত্যা করার বিষয়টি স্বীকার করেছে।
দৈনিক পত্রিকা আসাহি শিম্বুন জানায়, ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার কাটা কব্জি থেকে রক্ত ঝরছিল। পুলিশকে সে জানায়, তরকারি কাটার ছুরি দিয়ে তার হাত কেটেছিল। তবে তার জখম ততটা গুরুতর নয়। জাপান টাইমস।
ইত্তেফাক/এসএসএ
