সারা বিশ্ব যখন মেতে ছিলো অলিম্পিক নিয়ে, চীনের সোশ্যাল মিডিয়াগুলো তখন ব্যস্ত ছিলো এক চিত্রতারকার ডিভোর্সের খবর নিয়ে। অথচ এবারের অলিম্পিকে পদক জেতার দিক দিয়ে চীন বেশ মজবুত অবস্থানেই ছিলো। কিন্তু সেদিকে মন ছিলো না কারও। প্রিয় তারকা অভিনেতা ওয়াং বাওকিয়াং এবং তার স্ত্রী মা রং-এর সংসার ভেঙে যাওয়ার ‘মুখরোচক’ খবর জানতেই ব্যস্ত ছিলো সবাই।
কতটা ব্যস্ত জানেন? ওয়াং বাওকিয়াং-এর ডিভোর্সের খবর জানতে চীনের সোশ্যাল মিডিয়ায় ৫০০ কোটি পোস্ট পড়ে। যেখানে বর্তমানে চীনের মোট জনসংখ্যাই ১০০ কোটি। অর্থাৎ অনেকেই একাধিকবার ডিভোর্সের খবরের ব্লগের ঠিকানায় ক্লিক করেছে।
ওয়াং গত ১৪ আগস্ট অনলাইনে মা রং-কে ডিভোর্সের কথা ঘোষণা করেন। তিনি বলেন, তার এজেন্ট সং ঝি’র সঙ্গে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে তাদের বৈবাহিক সম্পর্কে চিড় ধরে এবং তার পরিবারও এতে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, মা রং তাদের যৌথ মালিকানার বেশ কিছু সম্পত্তি চালাকি করে নিজের নামে ট্রান্সফার করেছে। এসব কারণে মা রং-কে তিনি ডিভোর্স করতে বাধ্য হচ্ছেন। এজেন্ট সং ঝিকেও তিনি বরখাস্ত করেছেন।
অনলাইনে এ কথা প্রকাশের পর গত ১৫ আগস্ট ওয়াং বাওকিয়াং স্ত্রী মা রং-কে ডিভোর্সের জন্য আইনি প্রক্রিয়া শুরু করেন। তবে সুন্দরী মা রং নিজের পরকীয়ার কথা স্বীকার না করে উল্টো ওয়াং বাওকিয়াংকে দোষারোপ করে অনলাইনে পোস্ট দেন।
তিনি বলেন, ওয়াং অহেতুক নিজের পরিবারকে পরিত্যাগ করেছে। আর অনলাইনে উল্টোপাল্টা লিখে ওয়াং সমাজে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ওয়াংকে দ্রুত তার পোস্ট মুছে ফেলতে বলেন মা রং।
একজন চিত্রতারকার দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং ডিভোর্সের খবরের প্রতি চীনাদের এত উত্সাহ দেখে বোঝা যায় যে চীনা সমাজ আর আগের মত রক্ষণশীল নেই। সেখানে পশ্চিমা হাওয়া বেশ ভালভাবেই লেগেছে।
