সাদুল্লাপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৭:২৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিয়ুর রহমান বোরহানকে (৫২) ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা।
 
এঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আব্দুল জোব্বার (৪০) নামে এক পল্লী চিকিৎসককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। বিদ্যালয় চলাকালীন সময়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওয়ালিয়ুর রহমান বোরহানকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আটক আব্দুল জোব্বার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত. হোসেন আলীর ছেলে।
 
পুলিশ ও বিদ্যালয় সৃত্রে জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় হঠাৎ আব্দুল জোব্বার তার ভাই আব্দুল জলিল, আলী হাসান ও লাভলু মিয়াসহ আরো অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষকের অফিস রুমে ঢুকে তাকে মারপিট করে। এক পর্যায়ে আব্দুল জোব্বার তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে প্রধান শিক্ষকের ডান হাতে আঘাত করে। এতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। হৈ চৈ শুনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে আব্দুল জোব্বারকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। 
 
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ে পরিচালনা কমিটি গঠন নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। আটক আব্দুল জোব্বার সাদুল্লাপুর থানা হাজতে আছে।
 
এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএন