বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের কালো ব্যাজ ধারণ এবং আলোচনা সভা।
২০০৭ সালের ২০-২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের উপর সংঘটিত অমানবিক, বেদনার্ত ঘটনা স্মরণে দিবসটি পালন করা হয়।
ঐ বছরের ২০ আগস্ট বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় কয়েকজন সেনাসদস্য ছাত্রদের মারধর করেন। এর প্রতিবাদে ছাত্র সমাজ বিক্ষুদ্ধ আন্দোলন গড়ে তোলেন। এ প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত সরকার সান্ধ্য আইন জারী করে এবং ২৩ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক এবং ৮জন ছাত্রকে গ্রেফতার করে নির্যাতন চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয় এই দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালন করে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টা ৩০মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএম।
