৪ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে, মাদারিপুর সদর উপজেলার আউশদী গ্রামের হাফিজ গাজীর ছেলে ফরহাদ গাজী ও ভোলার কুঞ্জপট্টির আব্দুল গনির ছেলে উজিউল্লাহ। ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে আজ বিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাফ, মোবাইল সেট, কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোটি পুলিশ জব্দ করেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, আজ দুপুরের পর ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খলিলুর রহমান মাগুরা ইসলামী ব্যাংক শাখা থেকে ৪ লাখ টাকা তুলে সঙ্গীসহ মোটরসাইকেলযোগে ঝিনাইদহে আসছিলেন। পথিমধ্যে মাগুরা সদর উপজেলা ইটখোলা বাজারে পৌঁছুলে একটি সাদা রংয়ের মাইক্রো তাদের গতিরোধ করে। গাড়িতে থাকা তিন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাসে তুলে নেয়। এরপর টাকা ছিনইতাই করে ঝিনাইদহের লাউদিয়া এলকায় তাদের নামিয়ে দেয়।
ইতিমধ্যে পুলিশ মাগুরা থেকে খবর পেয়ে বাস টার্মিনাল ও আরাপপুরে চেকপোষ্ট বসায়। আরাপপুরে মাইক্রোটি থামায় ও মাইক্রো আরোহী দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করে। জনতা তাদের গণধোলাই দেয়। ছিনতাই করা টাকা নিয়ে অন্য ভুয়া ডিবি পুলিশ পালিয়ে গেছে।
ইত্তেফাক/এএন
