নীলফামারীতে সেফটিক ট্যাংকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:১২
নীলফামারীতে শৌচাগারের জন্য নির্মাণাধীন সেফটিক ট্যাংকের কাজ করতে নেমে মো. নূরন্নবী (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) সন্ধ্যা ছয়টার দিকে নীলফামারী জেলা শহরের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। নূরন্নবী  সদরের খোকসাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে।
 
এলাকাবাসী জানায়, ওই এলাকার হাবিবুর রহমানের নির্মাণাধীন বাড়ির নতুন সেফটিক ট্যাংক নির্মাণ করেছিলেন নির্মাণ শ্রমিক নূরন্নবী ও তার ছোটভাই খয়রাত হোসেন (৪০)। মঙ্গলবার বিকেলে ওই ট্যাংকের ভেতরে সাটারিং খোলার কাজে আসেন তারা। এরপর পৌনে ছয়টার দিকে ট্যাংকের ঢাকনা খুলে বড়ভাই নূরন্নবী ভেতরে ঢোকামাত্র গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
 
নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ছয়টার দিকে তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ইরফান আলী বলেন, সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। সদর থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এএন