অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে ব্রিটিশ তরুণী নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১২:১২
 
অস্ট্রেলিয়ায় একটি হোস্টেলে বেশ কয়েকজন মানুষের সামনে ছুরি হামলায় যুক্তরাজ্যের এক তরুণী নিহত হয়েছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ৩০ বছর বয়সী যুক্তরাজ্যের অপর একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। দেশটির কুইন্সল্যান্ড রাজ্যে এই ঘটনা ঘটেছে।
 
সন্দেহভাজন হামলাকারী উগ্রবাদী দৃষ্টিভঙ্গির কারণে এই হামলা চালিয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে।
 
অভিযোগে পাওয়া গেছে, ২৯ বছর বয়সী সন্দেহভাজন একজন ফরাসি নাগরিক ‘আল্লাহু আকবর’ বলে এই হামলা চালিয়েছেন।
 
কুইন্সল্যান্ড পুলিশের ডেপুটি কমিশনার স্টিভ গোলস্কিউস্কি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা যে কোনো ধরনের উদ্দেশ্যের সম্ভাবনা খারিজ করে দিচ্ছি না। হতে পারে এটি রাজনৈতিক কিংবা শুধু্ই অপরাধমূলক।
 
তিনি আরো বলেন, তদন্তকারীরা এর সঙ্গে মানসিক স্বাস্থ্য সমস্যা কিংবা মাদকের অপব্যবহারজনিত বিষয়গুলোও এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে।
হামলায় একটি কুকুরও নিহত হয়েছে। পাশাপাশি স্থানীয় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
 
পুলিশ বলছে, সন্দেহভাজন ব্যক্তি অস্ট্রেলিয়ায় সাময়িক ভিসা নিয়ে এসেছেন এবং কর্তৃপক্ষের কাছে তিনি পরিচিত নন।
 
ইত্তেফাক/এএসএস