বুধবারের ভূমিকম্পের ঘটনায় ইতালিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে। এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে অনেক মরদেহ। তাদের উদ্ধারে কাজ করছে ৪ হাজারের বেশি উদ্ধারকর্মী। ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ৩৬৮ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানায়, নিহতদের অনেকেই শিশু। তবে প্রায় দুই লক্ষ বাংলাদেশি অধ্যুষিত ইতালিতে বুধবার ভোরের প্রচন্ড ভূমিকম্পে এখন পর্যন্ত কোন বাংলাদেশি হতাহত হবার খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার বিকালে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনছি ঘটনাস্থল পরিদর্শন শেষে গনমাধ্যমকে ১২০নিহত ও ৩৩৬ জন আহত হওয়ার তথ্য দিয়েছিলেন।বুধবার ৬.২ মাত্রার ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত ৩টা ৩৬ মিনিটে পারুগিয়া শহর থেকে ৭৬ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শহরের মেয়র ইতালিয়ান রেডিওকে বলেছেন, অর্ধেক শহর ধ্বংস হয়ে গেছে। লা রিপাবলিকা সংবাদপত্রের ভাষ্যে, রোমের কিছু ভবন ২০ সেকেন্ড ধরে কেঁপেছিল।
আরএআই টিভিকে আকুমোলি শহরের মেয়র স্টিফানো পেটরুসি বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে একটি পরিবারের চার সদস্যকে পাওয়া গেছে। পুলিশ বলছে, পেসকারা দেল টরেন্টোর কাছের একটি গ্রামে দুইজন মারা গেছে।
আমাট্রিস শহরটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র সেরগিও পেরোজ্জি বলেছেন, শহরটিতে প্রবেশ ও বাইরের রাস্তা ফেটে গেছে। অর্ধেক শহর ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ আটক পড়েছে। ভূমিধ্বস হয়েছেও একটি সেতু ভেঙে পড়েছে। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
