আবারো ধর্মঘটের ডাক জবি শিক্ষার্থীদের

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ২১:২৯
হলের দাবিতে আবারো ধর্মঘটের ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।
 
কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার বিকেলে সংহতি সমাবেশ শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ও লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহিদুল মাহি এ কমর্সূচি ঘোষণা  করেন।
 
মাহিদুল মাহি বলেন, শনিবার পুরান ঢাকার মানুষকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সড়কে আলপনা আঁকা হবে। একই সঙ্গে থাকবে প্রতিবাদী পথনাটক।
 
তিনি বলেন, শনিবারের মধ্যে দাবি পূরণ বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা না এলে রবিবার ও সোমবার (২৮ ও ২৯ আগস্ট) ফের বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে।
 
তিনি আরো বলেন, এতেও যদি সরকার আমাদের আহ্বানে সাড়া না দেয়, তবে হরতালের মতো বড় কর্মসূচিও দেওয়া হতে পারে।
 
এর আগে বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংহতি সমাবেশ শুরু হয়।
 
এতে জগন্নাথ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ আন্দোলনে সংহতি প্রকাশ করেন।
 
আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এছাড়া বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি প্রতিনিধিদলও এ আন্দোলনে সংহতি জানান।
 
 
 
ইত্তেফাক/এমকেএইচ/এমআই