বুকে মোদীর ট্যাটু, চাকরি হলো না সেনাবাহিনীতে

আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ০৯:৪৩
ভারতীয় সেনাবাহিনীতে চাকরি হল না মধ্যপ্রদেশের এক তরুণের। কারণটা বেশ অবাক করার মতো। চাকরি না হওয়ার কারণ শরীরে থাকা ট্যাটু।
 
মধ্যপ্রদেশের টিকামগড় জেলার যুবক সৌরভ বিলগাইয়ান অভিযোগ করেছেন, তার বুকে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দুটি ট্যাটু। সেজন্য তাকে চাকরি দিতে অস্বীকার করে সেনাবাহিনী। এর জন্য তিনি মোদীর সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানাতে চান।
 
নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরাট ভক্ত সৌরভ। সে জন্য ২০১৪ সালে তিনি নিজের বুকে মোদী ও শিবরাজের ট্যাটু আঁকিয়েছিলেন। 
 
বুকে লিখেছিলেন, যবতক সুরজ চাঁদ রহেগা শিবরাজ অউর মোদী কা নাম রহেগা। ব্যাস, এতেই তার চাকরি আঙুলের ডগা থেকে ফসকে গেল বলে দাবি করেছেন সৌরভ।
 
সৌরভ জানিয়েছেন, তিনি ২০১৪ সালে পুণায় সেনাবাহিনীতে পরীক্ষা দেন। সেখানে তাকে বাতিল করে দেওয়া হয়। পরে আরও দুটি সেনা ক্যাম্পে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু তিনবারই তাকে বাতিল করা হয়েছে। 
 
সৌরভের দাবি, ১৬ কিলোমিটার দৌড়ানোর পর শরীরের মাপজোক নেওয়ার জন্য তাকে জামা খুলতে বলা হয়। আর তখনই সেনা অফিসারদের নজরে পড়ে যায় ওই ট্যাটু। তার পরই তাকে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হয়। প্রতিবারেই এই ঘটনা ঘটেছে।
 
ইত্তেফাক/এএম