৬২ বছর পর আলাদা থাকার বেদনায় কানাডীয় দম্পতি

আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৬:৫৪
হাতে হাত রেখে ৬২ বছর পার করেছেন কানাডার এই দম্পতি। দীর্ঘ যাত্রায় এবার বাধ সেধেছে অসুস্থতা। চিকিৎসার প্রয়োজনে আলাদা পরিচর্যা কেন্দ্রে থাকতে হচ্ছে তাদের। এই দম্পতিটির নাতনি অ্যাশলে বারিক তাদের এই গল্প শেয়ার করার পর দাদা উলফ্রাম গোটশহাক (৮৩) এবং অনিতা গোটশহাকের (৮১) একটি হৃদয়স্পর্শী ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 
অ্যাশলে বলেন, পরিচর্যা কেন্দ্রে তাদের দুজনের জন্য কোনো কক্ষ না থাকায় তাদের আলাদা রাখা হয়েছে। তবে লিম্ফোমা রোগে আক্রান্ত উলফ্রাম তার স্ত্রীর মতো একই পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত হওয়ার জন্য অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
 
মঙ্গলবার অ্যাশলে ফেসবুকে একটি হৃদয়স্পর্শী ছবি পোস্ট করেন, যেখানে তার দাদা-দাদি হাত ধরাধরি করে কাঁদছেন। অ্যাশলে ছবিটি সম্পর্কে লেখেন, এটা ‘আমার তোলা সবচেয়ে দুঃখের ছবি।’ এই ছবিটি অনলাইনে ছয় হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে।
 
অ্যাশলে জানান, তার দাদা-দাদি এ বছরের জানুয়ারি থেকে আলাদা রয়েছেন। এটা আমার দাদির জন্য হৃদয়-বিদারক, তিনি তার স্বামীকে প্রতিরাতে বাড়িতে ফিরিয়ে আনতে চান। অ্যাশলে আরো বলেন, আট মাস ধরে আলাদা থাকা তার দাদা-দাদি যখনই একে অপরকে দেখতে সক্ষম হন, প্রতিবারই তারা কাঁদেন।- বিবিসি
 
ইত্তেফাক/এমএএস