দিল্লির জলাবদ্ধতা প্রত্যক্ষ করলেন কেরিও

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০০:১৭
ভারতের রাজধানী দিল্লির জলাবদ্ধতা প্রত্যক্ষ করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গতকাল বুধবার প্রচন্ড বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে কয়েকটি অনুষ্ঠান বাতিল করতে হয়। একটি অনুষ্ঠানে যেতে প্রায় এক ঘন্টা দেরি হয়। কেরি এ নিয়ে অনুষ্ঠানে কৌতুকও করেন। তিনি ওই অনুষ্ঠানেই আবার বলেন, আমলাতান্ত্রিক জটিলতা না থাকলে ভারতের অর্থনীতি আরো শক্তিশালী হতো। এদিকে দিল্লি হাইকোর্ট জলাবদ্ধতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও দ্য হিন্দু’র
 
গতকাল বুধবার সকাল থেকে দিল্লিতে বৃষ্টিপাত শুরু হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে আটটা পর্যন্তই দিল্লিতে প্রায় চার মিলিমিটার    বৃষ্টিপাত হয়। সকালের বৃষ্টিতে রাস্তায় ব্যাপক ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। হায়দ্রাবাদে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেরি দিল্লির লিলা প্যালেসে অবস্থান করছিলেন। সেখান থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) আসতে সময় লাগে সাধারণত        ১৫ মিনিট। কিন্তু সেখানে গতকাল তার গাড়ি বহরেরই আসতে ৪০ মিনিট দেরি হয়। অনুষ্ঠানে এসে কেরি বলেন, সুধীবৃন্দ আজ আপনারা যারা এখানে এসেছেন তাদের পুরস্কার দেওয়া উচিত। হয়তো আপনারা কেউ নৌকা কিংবা ভাসমান কোনো যানে করে এসেছেন। আমি আপনাদের অভিনন্দন জানাই। জলাবদ্ধতার কারণে কেরির পূর্ব নির্ধারিত তিনটি ধর্মীয় স্থাপনা সিসগঞ্জ গুরুদুয়ারা, গৌরিশঙ্কর মন্দির এবং জামা মসজিদ পরিদর্শনের কর্মসূচি বাতিল করতে হয়। দিল্লিগামী এবং দিল্লি থেকে বহির্গামী কিছু ফ্লাইট ছাড়তেও বিলম্ব ঘটে। এর আগে গত সোমবার বাংলাদেশে ঝটিকা সফর শেষে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করেন কেরি। সেখান থেকে তার হোটেলে যেতে এক ঘন্টা সময় লেগেছিল জলাবদ্ধতায় সৃষ্ট ট্রাফিক জ্যামের কারণে।
 
গতকাল দিল্লি হাইকোর্ট জলাবদ্ধতা নিয়ে এক শুনানিতে বলেন, বছরের পর বছর এই জলাবদ্ধতা সহ্য করা যায় না। বিচারপতি বাদার দুররেজ আহমেদ বলেন, আমার আসতে অনেক দেরি হয়েছে। এমনকি ভাইস প্রেসিডেন্টের বাসার কাছেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুনানিতে বিচারপতি আশুতোষ কুমারও অংশ নেন।
 
 

ইত্তেফাক/এএন