রাশিয়ার সহযোগিতায় নতুন দুইটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে ইরান। বুধবার তেহরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান একথা জানান।
আলী আকবর সালেহির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, বুশেরে নতুন দুইটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে। এটির নির্মাণ কাজ শেষ করতে ১০ বছর সময় লাগবে।
সালেহি বলেন, এ দুইটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে আমরা প্রতিবছর দুই কোটি ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল সাশ্রয় করতে পারব।
তিনি আরো জানান, এ প্রকল্প বাস্তবায়নে প্রায় এক হাজার কোটি ডলার ব্যয় হবে। তিনি ইরানের ভাইস প্রেসিডেন্টেরও দায়িত্বে রয়েছেন।
সালেহি জানান, বিদ্যুৎকেন্দ্র দুইটি নির্মাণের জন্য রাশিয়ার সহযোগিতা নেয়া হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
