জাপানের উত্তরাঞ্চলে টাইফুনের আঘাতের পর নিখোঁজ ১৭

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪২
জাপানের উত্তরাঞ্চল টাইফুন লায়নরকের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার ১৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। কর্মকর্তারা বলেছেন, ঝড়ের আঘাতে বিচ্ছিন্ন ওই জনবসতিগুলোতে ১১ জন প্রাণ হারিয়েছে এবং প্রায় ১ হাজার ৬০০ লোক যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে।
 
আইওয়াইজুমি শহরে ঝড়ের ফলে নদীর পানি স্ফীত হওয়াও ও কাদাপানির তোড়ে ১০ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ৯ জন একটি বৃদ্ধনিবাসে বাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় জাপানের উত্তরাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ঘন্টায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল বেগে টাইফুনটি আঘাত হানে। ঝড়ের আঘাতে ওই অঞ্চলটি লণ্ডভণ্ড হয়ে যায়। টাইফুনের প্রভাবে একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবল বর্ষণ হয়, ঝড়ের আঘাতে বহু রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয় অথবা বন্ধ হয়ে যায় এবং এর ফলে মানুষ আটকা পড়ে।
 
নগর কর্মকর্তা ইয়াসুইয়ুকি ইশিগুরো বলেন, ‘আমরা ১৭ জনের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তাদের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।’ তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের ফলে পথঘাট ও যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার পর বিচ্ছিন্ন হয়ে পড়া বসতিগুলোতে এই ১৭ জনের অধিকাংশ বাস করতেন বলেই আমাদের ধারণা।’
 
ইশিগুরো আরো বলেন, ‘শহরের একটি বড় এলাকা এখনো কাদাপানি ও ধ্বংস্তূপে ঢেকে রয়েছে।’ বুধবার সকালে পানি, কাদা, গাছপালা ও ধ্বংসস্তূপের নিচে শহরের বৃদ্ধনিবাসের একটি ভবনের ৯ বাসিন্দা চাপা পড়েন। শহরটিতে নিহত ১০ জনের ৯ জনকে এই বৃদ্ধনিবাসে ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে। অপর একটি মৃতদেহ বৃদ্ধ নিবাসের অদূরেই পাওয়া গেছে।
 
অপর এক ব্যক্তি কুজি নগরীতে মারা গেছে। আইওয়াতে এলাকার সরকার জানিয়েছে, ১০ হাজার জনসংখ্যা অধ্যুষিত ইওয়াইজুমি কর্তৃপক্ষ বৃদ্ধনিবাসের কাছে প্রাকৃতিক দুর্যোগের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়িঘর ছেড়ে মানুষকে অন্যত্র সরে যাবার পরামর্শ দিতে ব্যর্থ হয়েছে। এএফপি। 
 
ইত্তেফাক/এসএসএ