কানাডার রাজধানী অটোয়ায় ট্রাক চাপায় এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। নিহত নূসরাত জাহানের বাবা অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের অ্যাকাউন্টস বিভাগের কর্মী। সেই সূত্রে তিন বছর আগে পরিবারের সঙ্গে অটোয়ায় এসে উইলিস কলেজে অ্যাকাউন্টিংয়ে ভর্তি হয়েছিলেন এই তরুণী।
২৩ বছর বয়সী নূসরাত বৃহস্পতিবার সকালে সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার বাসা থেকে দুই ব্লক দূরে নির্মাণ কোম্পানি টমলিনসনের একটি ট্রাক তাকে চাপা দেয়। নূসরাতের ভাই মো. আবদুল্লাহ আল নাসের সিবিসি নিউজকে বলেছেন, ও ছিল আমাদের পরিবারের সবার ছোট, সবার আদরের। আমরা এখনও বিশ্বাস করতে পারছি না।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ হাই কমিশনের কর্মীসহ প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অটোয়ার সিটি মেয়র জিম ওয়াটসন নূসরাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ট্রাকের মালিক প্রতিষ্ঠান টমলিনসনও এক বিবৃতিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে।
খবর বিডিনিউজের।
