আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে সারা বিশ্বজুড়ে নানা গবেষণা চলছে। আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন গবেষক-বিজ্ঞানীরা। এই পথে যে তারা অনেকটা এগিয়েছেন তার প্রমাণ মিলল আবার।
এর আগে সুপার কম্পিউটারের সাহায্যে ছবির খুঁটিনাটি বিশ্লেষণ করা, নানা ধরনের ভবিষ্যদ্বাণী করা, এমনকি মানসিক অবস্থার বর্ণনা ইত্যাদি করা হয়েছে। তবে এবার আইবিএমের তৈরি সুপার কম্পিউটার 'আইবিএম ওয়াটসন' দিয়ে প্রথমবারের মতো সিনেমার ট্রেলার তৈরি করা হয়েছে। এই সপ্তাহেই ফক্স প্রোডাকশনের আগামী একটি সায়েন্স-ফিকশন সিনেমা 'মর্গ্যান'-এর ট্রেলার সম্পাদনা করেছে সুপার কম্পিউটার।
জানা গেছে, এই কাজটি করানোর আগে সুপার কম্পিউটারকে ১০০টি ভূতের সিনেমার ভিডিও মেমোরিতে তা বসানো হয়েছে। এরপরই ছবি, শব্দ ও অন্য সবকিছুর সাহায্যে ট্রেলার তৈরি করতে পেরেছে এটি। এরপর ট্রেলারের ছাঁচ তৈরির পরে সেটিকে বিশেষজ্ঞ সম্পাদকেরা ফের কিছুটা কাটাছেঁড়া করে সম্পূর্ণ রূপ দিয়েছেন।
এই কাজটি করতে গিয়ে ১০টি দৃশ্য বাদ দিয়েছে সুপার কম্পিউটার। এবং সবচেয়ে বড় কথা, গোটা কাজটি মাত্র ২৪ ঘণ্টাতেই সেরে ফেলা গিয়েছে। সাধারণভাবে একটি সিনেমার ট্রেলার তৈরি করতে ১০ থেকে ৩০ দিন পর্যন্ত লাগতে পারে। কিন্তু এই ব্যবস্থা আগামী দিনে সিনেমার তৈরির সময়কে আরও কমিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।
ইত্তেফাক/এএম
