কাশ্মিরকে ভারতীয় সেনাদের কবরখানা বানানোর হুমকি হিজবুল প্রধানের

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৬
কাশ্মির ভারতীয় সেনাদের কবরখানা হবে, হুমকি হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিনের। শনিবার মুজাফরাবাদে বসে সালাউদ্দিন এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়া ডটকম।
 
কাশ্মরিদের আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। এরাই কাশ্মিরকে ভারতীয় সেনাদের কবরখানা বানাবে বলে হুমকি দিয়েছেন হিজবুল প্রধান।
 
জুলাই মাসে হিজবুল কমান্ডার বুরহার ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে টানা ৫১ দিন ধরে বিক্ষোভ চলে কাশ্মীরে। পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা ‌যান ৬৬ জন। ওই ৫১ দিনের মধ্যে কখনও সালাউদ্দিন, আবার কখনও খোদ নওয়াজ শরিফ কাশ্মির নিয়ে উত্তেজক বিবৃতি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখেন, দাবি সূত্রের খবরে।
 
শনিবার সালাউদ্দিন বলেন, 'কাশ্মির সমস্যা সমাধানের একমাত্র রাস্তা হল জঙ্গি সন্ত্রাস। শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই এখন টার্গেট ধরে ধরে হামলা চালাতে হবে।
 
কাশ্মীর নিয়ে আজ বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মেহবুবা মুফতি। তার আগেই হুমকি দিয়ে পরিস্থিতি আরও গরম করে দিলেন সালাউদ্দিন। 
 
হিজবুল নেতা টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাতকারে বলেন, আমাদের শক্তি দেখাতে হবে। বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিক্রিয়া শুধু ভারতীয় কাশ্মিরে আবদ্ধ থাকবে না।
 
সালাউদ্দিন বলেন, ভারতীয় সেনারা ‌যদি আমাদের ঘরের পবিত্রতা নষ্ট করে তাহলে আত্মঘাতী হামলা ছাড়া আর উপায় নেই। নির্বাচনের কোনও অর্থ নেই। অস্ত্রই হাতে তুলে নিতে হবে।
 
ইত্তেফাক/এএম