মীর্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমন্ত নদী পারাপারের একমাত্র বাঁশের সাঁকোটি সম্প্রতি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছে ১০ গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ কয়েক হাজার গ্রামবাসী। কয়েকদিন আগে অতিবৃষ্টি ও জোয়ারের প্রভাবে শ্রীমন্ত নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতের তোড়ে বাঁশের সাঁকোটির পশ্চিম পাশ থেকে প্রায় ১৫০ ফুট ভেঙে যায়। ফলে রামপুর, দক্ষিণ রামপুর, কাঠালতলী, দক্ষিণ কাঠালতলী, সন্তোষপুর, উত্তর মাধবখালী, কিসমত রামপুর ও মুন্সীর হাট গ্রামের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়ে। এতে প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীসহ অনেকে ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় নদী পারাপার হয়। আবার কেউ কেউ দুর্ঘটনার ভয়ে অতিরিক্ত ৪/৫ কি.মি. পথ ঘুরে গন্তব্যে পৌঁছায়।
মাধবখালী ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার জানান, শ্রীমন্ত নদীতে রামপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি ব্রিজ নির্মিত হলে আখতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, রামপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, রামপুর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েক হাজার লোকের দুর্ভোগ লাঘব হবে। মীর্জাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন জানান, শ্রীমন্ত নদীর ওই পয়েন্টে একটি ব্রিজ খুবই প্রয়োজন। গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে এবং দুর্ভোগের কথা চিন্তা করে ব্রিজ নির্মাণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।
ইত্তেফাক/এএন
